প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বইয়ের দোকানে মাদকের আড্ডা, মোবাইল কোর্টে দুইজনের কারাদণ্ড

তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১নং গেট সংলগ্ন একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১:৪৫ মিনিটের দিকে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পাশেই অবস্থিত একটি বইয়ের দোকানের পেছনের ঘরে নিয়মিত মাদকের আসর বসত। অভিযান চলাকালে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত জনসাধারণের সামনেই আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেন।

​পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামি মোঃ মোশারফ হোসেন (৩৫) কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই আইনের আওতায় অপর আসামি মোঃ মানিক মিয়া (৩২) কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন ত্রিশাল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, মাদক নির্মূলে এমন অভিযান অব্যহত থাকবে।