প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬


আখাউড়ায় রেলওয়ে জংশনে ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয় জংশন স্টেশন এলাকায় অস্ত্র দেখিয়ে যাত্রীর কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক মোঃ সোহান (২০) পৌরশহর দেবগ্রাম এলাকার মোঃ শাহিন মিয়ার ছেলে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রেলওয়ে জংশন স্টেশন এলাকার ওয়াশফিড এর উপর হতে এ যুবকে গ্রেফতার করেছে রেওয়ে থানা পুলিশ।

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানায়, গত (১২ ফেব্রুয়ারি) আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ২ নং প্লাটফর্মে ট্রেনের জন্য দাঁড়ানো কুমিল্লা বাঙ্গুরাবাজার উপজেলা কুরন্ডী এলাকার মোঃ ভুলু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৬) কে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৩৮,৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার এসআই (নিঃ) সুদর্শন কুমার দে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে যুবককে আটক করা হয়। যুবকের বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন সহকারে আদালতে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে।