প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬


রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা মোজাফফরের বিচার হবে সেনা আইনে

বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ইতোমধ্যেই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

“একই অপরাধে কোনো ব্যক্তিকে সিভিল ল’ ও মার্শাল ল’- দু’টি ভিন্ন আইনে আলাদাভাবে বিচার বা ট্রায়াল করার আইনি সুযোগ নেই। তাই সেনা আইনেই এই মামলার বিচার সম্পন্ন হবে,’ সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে সম্প্রতি ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।।

ছদ্মনাম ধারণ করে তিনি এতদিন ‘পার্শ্ববর্তী একটি দেশে’ আত্মগোপনে ছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।