সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
দাবি আদায়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারীদের স্মারকলিপি, ৩ দিনের আল্টিমেটাম

তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কর্মরত কর্মচারীরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। দাবি আদায়ের জন্য প্রশাসনকে আগামী তিন কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এ স্মারকলিপি জমা দেন। এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে কর্মচারীরা পাঁচটি প্রধান দাবি উত্থাপন করেছেন। তাদের দাবি হলো কর্মচারী সংশ্লিষ্ট নীতিমালা সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করা, প্রতি মাসের বেতনের সঙ্গে নিয়মিতভাবে ওভারটাইম ভাতা নিশ্চিত করা, কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট সকল কমিটিতে সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে পোশাক ভাতার অর্থ সরাসরি কর্মচারীদের প্রদান করা এবং কর্মচারীদের জন্য একটি পৃথক ক্লাব বা মিলনায়তন স্থাপন করা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ দিন ধরে যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত থাকায় সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। নেতৃবৃন্দ জানান, এসব দাবি বাস্তবায়িত হলে দাপ্তরিক শৃঙ্খলা ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পাবে।
কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

